স্বামী মদ্যপ। আর সেই পথেই নেমে পড়েছে ছেলেও। ছেলের মুখে মদ খাওয়ার কথা শুনে মনের দুঃখে বিষ খেয়ে আত্মঘাতী হলেন মা। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মালদার গাজোল থানার বিনোদপুর গ্রামে।
জানা গেছে, মৃতার নাম সবিতা ছেত্রী(৪২)। স্বামী বাহাদুর ছেত্রী। সে বেঙ্গালুরুতে শ্রমিকের কাজ করে। তাদের এক ছেলে অশোক ছেত্রী। গত দুই বছর আগে বাবার সাথে বেঙ্গালুরুতে শ্রমিকের কাজে যোগ দেয়। মেয়ে সপ্তমীকে নিয়ে গ্রামে থাকতো সবিতা ছেত্রী। সপ্তমি স্থানীয় স্কুলের নবম শ্রেনীর ছাত্রী। গত বন্যায় ভিটে মাটি সব হারিয়েছেন তিনি। আশ্রয় নিয়েছে বাঁধের ওপর অস্থায়ী শিবিরে। স্বামী ও ছেলে নিয়মিত টাকা পাঠাতো না। তার ওপর স্বামীও মদ্যপ। সব কিছু মেনে নিয়েও সংসার চালাতেন ওই মহিলা। এক আত্মীর এক বিঘা জমি ভাড়া নিয়ে সামান্য ধান চাষ করেছিলেন তিনি। সোমবার ছেলেকে ফোন করে সেই জমিতে সার দেওয়ার জন্য টাকা চায় সবিতা। অভিযোগ ছেলে বলে সে এখন মদ খাচ্ছে। এই সময় কথা বলতে পারবে না। ছেলের মুখ থেকে এই উত্তর পাওয়ার পরই বিষ খাই মা। ঘটনা দেখতে পেয়ে মেয়ে ও পাড়া প্রতিবেশীরা তাকে উদ্ধার করে গাজোল প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। টানা চারদিন অসুস্থ থাকার পর শনিবার তার মৃত্যু হয়। মা এত দিন ধরে মৃত্যুর সাথে লড়াই করলেও তাকে দেখতে আসার প্রয়োজন বোধ করেনি ছেলে। একই অবস্থা তার বাবারও। মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়েছে গাজল থানার পুলিশ।
এবিষয়ে রঞ্জিত ছেত্রী নামে এক আত্মীয় জানায়, ওই মহিলার ছেলে ও স্বামী, গত দুই বছর ধরে বাইরে থাকে। কিন্তু তারা কেউ সংসার চালানোর জন্য কোন টাকা পাঠাতো না। যার কারনে তিনি নিজে তার এক বিঘা জমি চাষাবাদ করতে ওই মহিলাকে দেন। কিন্তু জমিতে সার দেওয়ার টাকা না থাকায় ছেলেকে ফন করেন ওই মহিলা। কিন্তু ছেলে মদ খাচ্ছে এখন কথা বলতে পারবে না বলে জানালে ওই মহিলা অভিমানে বিষ খায় বলে দাবী করেন তিনি।